এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬–এ প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে দেশের ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ মধ্যরাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ৩ টার পর রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় আফিদা খন্দকার প্রান্তি, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা–সহ দলের অন্যান্য সদস্যদের।
এর আগে রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাতীয় নারী ফুটবল দল। সেখান থেকে কড়া নিরাপত্তায় তাদের সরাসরি নিয়ে যাওয়া হয় সংবর্ধনাস্থলে। রাত ৩ টা ১৫ মিনিটে দলটি এম্ফিথিয়েটারে পৌঁছালে ফুলেল অভ্যর্থনায় সিক্ত হন ফুটবলাররা। বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা তাদের হাতে ফুলের তোড়া তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি বলেন, “এমন অর্জন পুরো জাতির জন্য। আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।” ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা বলেন, “এই সাফল্য ভবিষ্যতের জন্য আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।”
নারী দলের কোচ পিটার বাটলার বলেন, “এই দলের খেলোয়াড়রা অত্যন্ত প্রতিভাবান ও পরিশ্রমী। তাদের মধ্যে আন্তর্জাতিক মঞ্চে লড়াই করার মানসিকতা তৈরি হয়েছে।”
মধ্যরাতে এমন আয়োজনের পেছনে ছিল সময়ের সীমাবদ্ধতা। জানা গেছে, দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ভুটানে যাচ্ছেন। এছাড়া আরও তিনজন ফুটবলার যাবেন দুই দিনের মধ্যে। ফলে পুরো দল একসঙ্গে থাকতেই এই সময়ে সংবর্ধনার আয়োজন করা হয় বলে জানায় বাফুফে।
ইত্তেহাদ ডেস্ক ।। 














