জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় নামা শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান ঘোষণা দিয়েছেন, নির্বাচনে পাওয়া প্রতি দশ ভোটের বিপরীতে একটি করে গাছ রোপণ করবেন তিনি।
নিজের ইশতেহার প্রকাশ করে নাজমুল বলেন, “চটকদার এবং অবাস্তব কোনো প্রতিশ্রুতি আমি দেবো না। এক বছরের কার্যকালে আমার এখতিয়ারের ভেতরে এবং প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়নযোগ্য কাজই হবে আমার অঙ্গীকার।”
তাঁর ইশতেহারে আরও উল্লেখ করা হয়েছে— প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্র সংস্কার ও সেবার মান উন্নয়ন, এম্বুল্যান্স সংখ্যা বৃদ্ধি ও ঔষধ সরবরাহ বাড়ানো; এবং, শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি প্রশাসনের কাছে উত্থাপন এবং বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা।
এ ছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জাকসুর অন্যান্য প্রার্থীদের দেওয়া ইশতেহারগুলোর বাস্তবায়নে চাপ প্রয়োগ করবেন এবং কাউকে প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হতে দেবেন না। মোঃ নাজমুল হাসান বলেন, “জাবির শিক্ষার্থীদের কাছে আমার দৃঢ় অঙ্গীকার আমি তাঁদের ভরসার কথা মাথায় রেখেই দায়িত্ব পালনে সদা সচেষ্ট থাকবো।”
উল্লেখ্য, কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা নাজমুলের ব্যালট নং ১০। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী।
ইত্তেহাদ ডেস্ক ।। 













